শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম
expand
বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সেখানে তালা ঝুলিয়ে দেন। তারা অভিযোগ করেন, কলেজ প্রশাসন বছরের পর বছর ধরে নানা অজুহাতে বাকসু নির্বাচন বন্ধ রেখেছে। এসময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বিক্ষোভকারী শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, “বিএম কলেজের ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই, অবিলম্বে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক।” আরেক শিক্ষার্থী লাবণ্য রহমান বলেন, “২০০৩ সালের পর থেকে আর কোনো বাকসু নির্বাচন হয়নি। প্রশাসন নানা অজুহাতে আমাদের দাবিকে উপেক্ষা করছে। এবার আমরা আন্দোলন চালিয়ে যাব।”

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. তাজুল ইসলাম বলেন, “বাকসু নির্বাচনের বিষয়ে কলেজ প্রশাসন আন্তরিক। নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রশাসনও চায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব গড়ে উঠুক।”

বর্তমানে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী ২৩টি বিভাগে অধ্যয়নরত। সর্বশেষ ২০০৩ সালে এই কলেজে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন