শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ মামলা, নির্যাতন-তবুও দল ছাড়িনি: দাউদার মাহমুদ

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম
দাউদার মাহমুদ
expand
দাউদার মাহমুদ

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, “১৫টি মামলা খেয়েছি, পুলিশের হাতে মারও খেয়েছি, তবুও দল ত্যাগ করিনি।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত কর্মশালা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দাউদার মাহমুদ বলেন, “তারেক রহমানের ৩১ দফা এখন দেশের সাধারণ মানুষের আশার প্রতীক হয়ে উঠেছে। আমাদের অনেক মা-বোন এখনো এ দফাগুলো ঠিকভাবে জানেন না, তাই আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য তাদের কাছে তা পৌঁছে দেওয়া।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলাম। কোনো কর্মসূচি থেকে পিছু হটিনি। পুলিশের লাঠি খেয়েছি, মামলা খেয়েছি—তবুও রাজনীতি ছাড়িনি। যদি চাইতাম, আরাম-আয়েশে সময় কাটাতে পারতাম, কিন্তু সততা ও দলের প্রতি আনুগত্যের সঙ্গে বেঈমানি করিনি।”

বিএনপির মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপির গ্রীন সিগন্যাল পাওয়ার পর সিংড়ায় আওয়ামী লীগ নেতারাও এখন ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দিচ্ছে। এমনকি উপজেলা আওয়ামী লীগের অফিসের তালাও খুলে গেছে। তাই আগামীতে ধানের শীষ যার হাতে যাবে, সেটি ভালোভাবে বিবেচনা করতে হবে।”

সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল নেছা পুতুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা মহিলা দলের নেত্রী রোজিনা আক্তার শিল্পী, যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন