

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় খাল পুনঃখনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় মিরকাদিম পৌরসভার রিকাবি বাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজের সামনে স্থানীয় পরিবেশ সংগঠন “মিরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চ” এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ নাগরিকবৃন্দ অংশ নেন। কর্মসূচির মূল স্লোগান ছিল— “খাল বাঁচাও, মিরকাদিম বাঁচাও।”
বক্তারা বলেন, মিরকাদিম পৌর এলাকার প্রধান খালগুলো দখল ও বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। নয়নের খালসহ আশপাশের জলাধারগুলোরও একই অবস্থা হওয়ায় বর্ষাকালে তীব্র জলাবদ্ধতা, দুর্গন্ধ ও মশাবাহিত রোগে নাগরিকরা চরম ভোগান্তিতে পড়ছেন।
তারা দ্রুত খাল গভীর খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি নিয়মিত ড্রেন পরিষ্কার, ময়লা অপসারণ ও বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করার আহ্বান জানান বক্তারা।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বয়ে স্থায়ী উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন “মিরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চ”-এর সভাপতি মাহফুজ আহমেদ রিন্টু। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, ফাহমিদা নাজরিন (গ্রিন ভয়েস), মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, কবি তাহের মাহমুদ, জাহাঙ্গীর (মানব উন্নয়ন চেয়ারম্যান), আকলিমা, রিমন, শ. ম. কামাল এবং মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর পলাশ।
কর্মসূচি শেষে উপস্থিত নেতৃবৃন্দ জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা সতর্ক করে বলেন, প্রশাসনের আশ্বাসে নয়—বাস্তব পদক্ষেপ না পাওয়া পর্যন্ত নাগরিকদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন