

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইসমাইল শেখ (৪৭) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল শেখ ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়া পাড়া গ্রামের আমিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, বাক ও মানসিকভাবে প্রতিবন্ধী ওই কিশোরী স্থানীয়ভাবে “পাগল মেয়ে” নামে পরিচিত ছিল এবং বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। ২০২৩ সালের ১৩ এপ্রিল পরিবারের সদস্যরা তার শারীরিক গঠন দেখে সন্দেহ করেন। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, কিশোরীটি গর্ভবতী।
পরে অনুসন্ধানে জানা যায়, একই এলাকার ইসমাইল শেখ তাকে মাঠে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাকপ্রতিবন্ধী মা ২০২৩ সালের ৯ জুন ফরিদপুর কোতোয়ালি থানায় ইসমাইল শেখকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “আমরা রাষ্ট্রপক্ষ হিসেবে এ রায়ে সন্তুষ্ট। আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন।”
মন্তব্য করুন