

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাপড় তৈরির তিনটি শিল্পকারখানা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মাধবদী থানাধীন বিরামপুর এলাকায় একই মালিকানাধীন তিন কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজী টেক্সটাইল, আরিয়ান টেক্সটাইল ও নিঝুম টেক্সটাইল নামে তিনটি বস্ত্র কারখানায় বিকেল ৪টার দিকে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানা এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।
প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং সন্ধ্যার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ইনচার্জ) মো. রায়হান বলেন, “একই মালিকানাধীন তিনটি কারখানায় ভয়াবহ আগুনে উৎপাদিত মালামালসহ প্রচুর কাঁচামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।”
তিনি আরও জানান, প্রথমে হাজী টেক্সটাইলে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরিয়ান ও নিঝুম টেক্সটাইলে।
ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর মালিক হাজী জালাল উদ্দিন বলেন, “হঠাৎ আগুন লাগার কারণে কিছুই সরানো সম্ভব হয়নি। বিদেশি মেশিন, সুতা ও কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব নয়, তবে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে।”
ফায়ার সার্ভিস জানায়, তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলো।
মন্তব্য করুন