

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রায় ২৩ বছর পর দেশে আসছেন সাবেক সংসদ সদস্য ও ছাত্রদল নেতা গোলাম ফারুক অভি। ২০০২ সাল থেকে কানাডায় অবস্থানরত এই রাজনীতিকের ফেরার খবরকে ঘিরে সরব হয়ে উঠেছে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন।
১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকেই এমপি নির্বাচিত হয়েছিলেন। তখন তিনি ছিলেন সপ্তম জাতীয় সংসদের সবচেয়ে তরুণ সদস্য। সে সময় এলাকায় সেতু, কালভার্ট ও সড়ক নির্মাণসহ নানা উন্নয়নকাজে তিনি ব্যাপক পরিচিতি পান। তার উদ্যোগে উজিরপুরের বিচ্ছিন্ন গ্রামগুলোতে গড়ে ওঠে উন্নত যোগাযোগ ব্যবস্থা।
২০০১ সালের নির্বাচনে পরাজয়ের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে ২০০২ সালে দেশ ছাড়তে বাধ্য হন অভি। একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানার কারণে এরপর দীর্ঘ সময় বিদেশেই থাকতে হয় তাকে।
সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর দেশে ফেরার ঘোষণা দেন তিনি। কানাডা থেকে টেলিফোনে জানান, নভেম্বরেই ফিরছেন তিনি। তবে তিনি নির্বাচন করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। অভির ভাষায়, “এ মুহূর্তে আমার প্রধান লক্ষ্য দেশে ফেরা, নির্বাচনে অংশ নেওয়া বিষয়টি পরে দেখা যাবে।”
বরিশাল-২ আসনে তার ফেরা নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। কেউ বলছেন, তিনি বিএনপির মনোনয়ন চাইতে পারেন, আবার কেউ ধারণা করছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিতে পারেন। তবে এ বিষয়ে অভি বলেন, “মনোনয়ন নিয়ে কারও সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”
ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক জোটে যোগদানের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, “আমি সর্বদা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী।”
তার দেশে ফেরার খবর প্রকাশের পর থেকেই উজিরপুর-বানারীপাড়ায় ভোটের মাঠে নড়াচড়া বেড়েছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভি নির্বাচন করলে আসনটি জমে উঠবে।
বর্তমানে ওই আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন চাইছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন সান্টু, কাজী দুলাল হোসেন, কেন্দ্রীয় সহবন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন এবং ছাত্রদলের সাবেক নেতা সাইফ মাহমুদ জুয়েল।
বিএনপি মনোনয়নপ্রত্যাশী কাজী দুলাল হোসেন বলেন, “২৩ বছরে অনেক পরিবর্তন এসেছে। এখনকার ভোটাররা আগের প্রজন্মের চেয়ে ভিন্নভাবে চিন্তা করেন। নতুন প্রজন্মের ভোটাররাই নির্ধারণ করবে মাঠের ফলাফল।”
মন্তব্য করুন
