শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে ঝিলের মাছ লুট: জাল ও মাছসহ থানায় হাজির ইজারাদার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পিএম
expand
প্রকাশ্যে ঝিলের মাছ লুট: জাল ও মাছসহ থানায় হাজির ইজারাদার

লক্ষ্মীপুরের রায়পুরে প্রকাশ্যে ইজারাকৃত ঝিলের মাছ লুটের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত ইসমাইল ও তার সহযোগীরা জাল ও মাছসহ থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র আলোচনা চলছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের দেনায়েতপুর এলাকার ইসমাইল, সবুজ ও রনি ব্যবসায়িকভাবে মাছ চাষের জন্য স্থানীয় হাজী মোবারক আলীর কাছ থেকে তিন বছরের জন্য ঝিলটি ইজারা নেন। সেখানে প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়।

কিন্তু বুধবার (২২ অক্টোবর) দুপুরে একই এলাকার দেলোয়ার হোসেনসহ কয়েকজন প্রকাশ্যে ওই ঝিলে ঢুকে জাল ফেলে মাছ ধরতে শুরু করেন।

খবর পেয়ে ইসমাইল ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় ইসমাইলরা জাল ও কিছু মাছ উদ্ধার করে রায়পুর থানায় নিয়ে যান।

ইসমাইল বলেন, আমরা আইন মেনে ব্যবসা করছি। দেলোয়ার বলপ্রয়োগে আমাদের ক্ষতি করছে। এর আগে ঝিল থেকে বিভিন্ন ধাপে প্রায় দুই লাখ টাকার মাছ তুলে নিয়ে গেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, আমি আমার ঝিলে মাছ ধরেছি। যারা ইজারা নিয়েছে তারা অবৈধভাবে নিয়েছে, আমার কাছ থেকে নেয়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন