শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণ করবেন রায়হান জামিল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ পিএম
expand
এবার ১ টাকায় গরুর মাংস বিতরণ করবেন রায়হান জামিল

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল আবারও আলোচনায় এসেছেন নতুন এক উদ্যোগ নিয়ে। কয়েক সপ্তাহ আগেই মাত্র ১০ টাকায় ইলিশ বিক্রির ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি।

এবার ঘোষণা দিয়েছেন ১ টাকায় গরুর মাংস বিতরণের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রায়হান জামিলের গরুর মাংস বিতরণের একটি পোস্টার ছড়িয়ে পড়ে।

পোস্টার অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভাঙ্গা উপজেলায় ১ কেজি গরুর মাংস মাত্র ১ টাকায় দেওয়া হবে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে।

যোগাযোগ করা হলে রায়হান জামিল এনপিবি নিউজকে জানান, “বৃহস্পতিবার আমরা ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে গরুর মাংস বিতরণ করব। যাদের দেওয়া হবে, তাদের আগেই তালিকা তৈরি করে টোকেন দেওয়া হয়েছে।”

তবে বিতরণের স্থান প্রকাশ না করে তিনি বলেন, “নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আগে থেকে স্থান জানানো হচ্ছে না। যারা টোকেন পেয়েছেন, তারা সময়মতো জেনে যাবেন ইনশাল্লাহ।”

রায়হান জামিল আরও বলেন, “আমি বহু বছর ধরেই এলাকার অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। আগেরবার ইলিশ বিতরণের সময় কিছু বিশৃঙ্খলা হয়েছিল, তাই এবার সতর্কতার সঙ্গে মাংস বিতরণ করা হবে।”

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ বিক্রির উদ্যোগ নেন তিনি। খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভিড় করেন। তবে সীমিত পরিমাণ মাছ থাকায় হট্টগোলের সৃষ্টি হয় এবং জনতার চাপে স্থান ত্যাগ করতে হয় রায়হান জামিলকে।

স্থানীয়ভাবে রায়হান জামিলের এসব মানবিক উদ্যোগ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এটিকে নিঃস্বার্থ মানবিক কাজ হিসেবে দেখছেন, আবার কেউ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটিকে রাজনৈতিক কৌশল বলেও উল্লেখ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন