

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার একমাত্র প্রস্তাবিত শিশু পার্কের জমি দখলমুক্ত করার দাবিতে একযোগে মানববন্ধন করেছে উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় টঙ্গীবাড়ী উপজেলা ছাত্র সমাজের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, টঙ্গীবাড়ী উপজেলায় শিশু-কিশোরদের জন্য কোনো বিনোদন কেন্দ্র নেই। ২০১৭ সালে সরকারি অনুমোদন পাওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রভাব ও স্থানীয় কিছু প্রভাবশালীর দখলের কারণে এখনো পার্কটি নির্মাণ করা সম্ভব হয়নি। তারা অবিলম্বে দখলমুক্ত করে পার্ক নির্মাণের দাবি জানান।
শিক্ষার্থীদের দাবি, সরকারি এই জমিতে অবৈধ দোকানপাট ও বসতঘর গড়ে উঠেছে, যা এলাকার শিশুদের সুস্থ মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে ছাত্র সমাজ নিজেরাই পার্কের জায়গা দখলমুক্ত করার আন্দোলনে নামবে।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকরাও শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। তারা জানান, শিশু পার্কটি নির্মিত হলে কিশোর-তরুণদের জন্য একটি নিরাপদ বিনোদন কেন্দ্র গড়ে উঠবে এবং এলাকাবাসীর জন্য তা হবে একটি বড় প্রাপ্তি।
মন্তব্য করুন