

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতার বিরুদ্ধে। নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ের ওই কার্যালয়ে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে এনসিপির শতাধিক কর্মী হঠাৎ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় আসবাবপত্র ভাঙচুরের ঘটনাও ঘটে। নেতৃত্বে ছিলেন এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন।
ঘটনার ভিডিও ও ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক কার্যালয়ের সামনের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছে। ভিডিওতে আরিফ মঈনুদ্দিনসহ এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীকেও শনাক্ত করা গেছে।
আরিফ মঈনুদ্দিন সাংবাদিকদের বলেন, ভবনটি পরিত্যক্ত সম্পত্তি। রাতে এখানে আওয়ামী লীগের কিছু কার্যক্রম চালানো হতো -এমন খবর পেয়ে আমরা বিষয়টি দেখতে যাই। নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাতে কেউ আসে না। এরপর আমরা তালা খুলে ভেতরে ঢুকে কিছু প্রমাণ পাই। তাই ভবনটি আপাতত তালাবদ্ধ রাখা হয়েছে এবং আগামী দুদিন আমরা এর কার্যক্রম পর্যবেক্ষণ করব।
অন্যদিকে, আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী আবদুল মালেক অভিযোগ করে বলেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। মঙ্গলবার বিকেলে এনসিপির শতাধিক কর্মী এসে অফিসে প্রবেশ করে বঙ্গবন্ধুর ছবি ও আসবাবপত্র ভাঙচুর করে। তারা সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
দোস্ত বিল্ডিং চট্টগ্রামের রাজনীতিতে একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ভবনটির চতুর্থ তলায় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কার্যালয় ছিল। এছাড়া এখানে বিএনপি, বাসদসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের কার্যালয়ও রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর এই কার্যালয়ে প্রথমবার ভাঙচুরের ঘটনা ঘটে। তারপর থেকেই এটি তালাবদ্ধ অবস্থায় ছিল বলে জানান স্থানীয়রা।
মন্তব্য করুন
