

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিএনপির এক নেতাকে পিটিয়ে হাত-পা বেঁধে কবরস্থানে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বাঞ্ছারামপুর উপজেলার কালাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার শিকার জাকির হোসেন (৪৫) দরিয়াদৌলত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে জাকির হোসেন নদীতে মাছ ধরতে গেলে আওয়ামী লীগ নেতা জসীম মাষ্টার ও তাঁর সহযোগীরা তাকে আটক করে নির্মমভাবে পিটিয়ে হাত-পা বেঁধে কালাইনগর কবরস্থানে ফেলে যায়।
পরে চিৎকার শুনে স্থানীয়রা তাকে কবরস্থান থেকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার দুপুরে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে জাকির হোসেনের পুত্রবধূ আরজিনা আক্তার বাদী হয়ে আ.লীগ নেতা জসীম মাষ্টারকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা বলেন, “আওয়ামী লীগ নেতা জসীম মাষ্টার একজন সক্রিয় রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটাচ্ছেন। জাকির হোসেনকে পিটিয়ে কবরস্থানে ফেলে রাখার ঘটনা মানবতাবিরোধী। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”
অভিযোগ বিষয়ে জসীম মাষ্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য করুন