শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ভাঙা রাইফেল ও গুলি উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম
expand
লক্ষ্মীপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ভাঙা রাইফেল ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ভাঙা রাইফেল ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরকাচিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়্যিব হাসানের নেতৃত্বে রাতে যৌথ অভিযান চালায়। অভিযানের সময় বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশার একটি পরিত্যক্ত বাড়ি তল্লাশি করে একটি দেশি তৈরি ভাঙা রাইফেল ও ৬ রাউন্ড অকেজো অ্যামুনিশন উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়্যিব হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে, ঘটনাটিতে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশার নাম আসার পর তিনি ফেসবুক লাইভে এসে দাবি করেন, আমার বাড়িতে অভিযান ও অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পূর্ণ ষড়যন্ত্র। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে সেনাবাহিনীকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমার কোনো অস্ত্র নেই, এবং ১৭ বছর ধরে ঐ বাড়িতে আমি বসবাস করি না।

বাদশার অনুসারীরাও অভিযোগ করেছেন, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তাদের দাবি, আমিনুল আজিজ স্থানীয়ভাবে সক্রিয় রাজনৈতিক কর্মী, তাকে হয়রানি করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসন কোনো মন্তব্য করেনি।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা ভবিষ্যতে অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন