

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আঁখড়াবাড়িতে এবার তিনদিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে পালিত লালন স্মরণোৎসব অনুষ্ঠানে ছিলো লাখ লাখ মানুষের ঢল।
এতো মানুষের স্রোত কয়েক দশকে দেখা যায়নি বলে জানিয়েছেন সাধু-বাউল ও ভক্তরা। আর এ সুযোগে সক্রিয় ছিল মোবাইল ফোন চোর চক্রের সদস্যরা।
গেল তিনদিনে মোবাইল ফোন চুরির ঘটনায় কুমারখালী থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন অন্তত ৭৮ জন ভুক্তভোগী। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন-সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামিম তালুকদার (২৮), নেত্রকোনার বারহাট্টা থানার ডেউপুর উত্তরপাড়ার আব্দুর রহিমের ছেলে সেফায়েত উল্লাহ (১৯), কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথোলিয়ার মৃত রফিকুলের ছেলে মো. সজিব (১৯), মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মোস্তফার ছেলে রমজান আলী (২৬), ময়মনসিংহের ত্রিশাল এলাকার কাশেমের ছেলে রাজিব মিয়া (২০), পাবনার চর ভবানীপুর এলাকার বক্করের ছেলে আব্দুল মালেক (২৫), গাইবান্ধার পরেশ তালুকদারের ছেলে মামুন তালুকদার (৫০), কুষ্টিয়ার জালালের ছেলে তানজিম (২০)। এছাড়াও জাল টাকার জন্য মো. সবুজকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুরের আমবাড়িয়া এলাকার শাজাহান আলীর ছেলে।
লালন মেলায় ঘুড়তে আসা স্কুল শিক্ষক পলাশ কুমার বিশ্বাস বলেন, শুক্রবার রাতে লালন মেলায় লাখো মানুষের ভিড় ছিল। সেখানে গিয়ে আমার স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোনটি হারিয়ে গেছে। আমি থানায় একটি জিডি করেছি।
ফরিদপুর থেকে আসা বিল্লাল বিশ্বাস বলেন, আমার স্যামসাং এ-৫২ এস ব্র্যান্ডের ফোনটি হারিয়ে গেছে। এবার লালন মেলায় প্রচুর লোকের সমাগম হয়েছে। ভিড়ের মধ্যে একটি চক্র পকেট থেকে কৌশলে মোবাইল ফোন বের করে নেয়।
স্থানীয় সাংবাদিক কোহিনুর ইসলাম বলেন, জাতীয়ভাবে আয়োজন থাকায় লালনে এবার ভিড় বেশি ছিল। ভিড়ের মধ্যে কখন কে যেন আমার রিয়েলমি ব্র্যান্ডের ফোনটি চুরি করেছে। এঘটনায় থানায় জিডি করেছি।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, এই তিন দিনে ৭৮ জনের জিডি আকারে অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন