শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎবিহীন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: টানা ৩ দিন সেবা বন্ধ

নাজমুল হাসান, নরসিংদী
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম
বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
expand
বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

টানা তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে অক্সিজেন সরবরাহ ও কেন্দ্রীয় পানি ব্যবস্থা।

বিপর্যস্ত হয়ে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। ফ্রিজে সংরক্ষিত ইনজেকশন ও টিকার মতো সংবেদনশীল ওষুধ নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিজস্ব বিদ্যুৎ ট্রান্সমিটার নষ্ট হয়ে যাওয়ায় গত ১৭ অক্টোবর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাসপাতালটি। বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় জরুরি চিকিৎসা সেবার সরঞ্জামগুলো একে একে অচল হয়ে পড়েছে। টয়লেট ও ওয়ার্ডে পানি সংকট দেখা দেওয়ায় চরম স্বাস্থ্যঝুঁকির পরিবেশ তৈরি হয়েছে।

চিকিৎসাধীন রোগীর স্বজন রেহেনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন দিন ধরে কারেন্ট নেই। গরমে মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না। তাই বাধ্য হয়ে আজ বাসায় নিয়ে যাচ্ছি।

একই অভিযোগ করেন আরেকজন স্বজন সিফাত হোসেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে দেখি জীবন বাঁচানোই দায়! এই গরমে বিদ্যুৎ ছাড়া হাসপাতালে রোগী রাখা অসম্ভব।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক নার্স জানান, বিদ্যুৎ না থাকায় তারাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, অক্সিজেন সাপোর্ট লাগলে রোগী কীভাবে বাঁচাব? অন্ধকারে জরুরি সেবা দেওয়াও সম্ভব না।

এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, হাসপাতালের ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে, এজন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে। জেনারেটর সচল করার চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমস্যা সমাধান হবে।

দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন