

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে এক ব্যবসায়ীর দোকানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার সকালে বরগুনা দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ এ আদেশ দেন।
আদালতের আদেশে কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন—হায়াত মাহমুদ মিল্টন, সোলায়মান কবির, শফিকুল ইসলাম ওরফে জামাল মল্লিক, এমদাদুল হক মিলন, আকতারুল হক এবং শাহজাহান মুন্সী। তারা সবাই বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা।
মামলার বাদী মুন্নী বেগম জানান, তার স্বামী মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে মাইঠা ব্রিজস্ট্যান্ড এলাকায় সার, বীজ, কীটনাশক, মোবাইল রিচার্জ ও বিকাশ সেবার দোকান পরিচালনা করছিলেন।
গত বছরের ৫ আগস্ট রাতে রাজনৈতিক অস্থিরতার সময় ওই দোকানে হামলা চালিয়ে লুটপাটের পর আগুন লাগানো হয়। এতে প্রায় ৪২ লাখ টাকার বেশি ক্ষতি হয় বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পর বাদী বরগুনা সদর থানায় মামলা করলে পুলিশ তদন্ত শেষে নয়জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয়।
পরে তদন্ত কর্মকর্তা এইচ. এম. মেহেদী আটজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
দীর্ঘ তদন্ত শেষে রবিবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক প্রিন্স নামের একজনকে জামিন দেন, তবে বাকি ছয়জনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আবদুল ওয়াসিম মতিন বলেন, “আমার মক্কেলরা নিয়মিত জামিনে ছিলেন এবং কোনো শর্ত ভঙ্গ করেননি।
ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যাহারের প্রক্রিয়ায় আছে। আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।”
মন্তব্য করুন