

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতে প্রায় এক বছর অবস্থানের পর কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদে ফিরে এসেছেন লায়লা বেগম (৩২) নামের এক রোহিঙ্গা নারী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাঁকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০২ ওয়েস্টের বালুরমাঠ পুলিশ ক্যাম্পে তার স্বামী ও পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, লায়লা বেগম চিকিৎসার উদ্দেশ্যে এক বছর আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান।
দীর্ঘদিন ভারতে অবস্থানের পর তিনি সম্প্রতি ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। এরপর গত ১৫ অক্টোবর ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পুশব্যাক করে ভারতীয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সীমান্তে পৌঁছানোর পর হালুয়াঘাট থানা পুলিশ লায়লা বেগমকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ময়মনসিংহ জেলা পুলিশের তত্ত্বাবধানে এবং ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় তাকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমিন বলেন,লায়লা বেগম ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। আমরা তাকে দেশে ফিরিয়ে এনে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। ক্যাম্পে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় প্রস্তুত।
পুলিশ জানায়, উখিয়ায় পৌঁছানোর পর স্থানীয় রোহিঙ্গা মাঝিদের উপস্থিতিতে লায়লা বেগমকে আনুষ্ঠানিকভাবে তার স্বামী মো. মনজুর আলমের জিম্মায় হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি ক্যাম্পেই অবস্থান করছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সীমান্ত এলাকায় মানবিক তৎপরতা বাড়ানো এবং ক্যাম্পবাসীদের মধ্যে সচেতনতা তৈরির উপর জোর দিচ্ছে।
মন্তব্য করুন