শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০২:৩০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ফরিদপুরে পদ্মা নদীতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর খেয়াঘাট এলাকায় পদ্মার চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শিশুটির বয়স আনুমানিক ছয় থেকে সাত বছর। তার গায়ে ছিল সাদা রঙের স্যান্ডো গেঞ্জি এবং পরনে কমলা রঙের হাফ প্যান্ট। ডান পায়ের গোড়ালিতে কালো কাপড় দিয়ে পেচানো অবস্থায় দেখা যায়।

গ্রামপুলিশ হজরত চৌধুরী বলেন, উজান দিক থেকে (রাজবাড়ী বা দৌলতদিয়া এলাকা) ভেসে আসা লাশটি প্রথমে আমি দেখতে পাই। সে সময় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে শ্রমিকরা নদীভাঙন প্রতিরোধে বালিভর্তি জিওব্যাগ ফেলছিলেন। পরে তাদের সহায়তায় শিশুটির লাশ পাড়ে তোলা হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা বলেন, লাশ উদ্ধারের পর আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দিয়েছি। তবে শিশুটিকে স্থানীয় কেউ চিনতে পারেনি।

ধারণা করা হচ্ছে, পদ্মা নদীর উজান দিক- রাজবাড়ীর মজলিসপুর, ধোলাই বা দৌলতদিয়া এলাকা থেকে লাশটি ভেসে এসেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “কবিরপুর খেয়াঘাটের কাছে পদ্মা নদীতে শিশুর লাশ ভেসে আসার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন