

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জে বিএনপির প্রতিনিধি সভায় ছাত্রদল নেতাদের অজ্ঞতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক ও জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনের সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে চাই, কিন্তু নেতৃত্বের ন্যূনতম যোগ্যতাও আমাদের মধ্যে নেই—এটাই বাস্তবতা।”
সভায় বক্তব্য দেওয়ার সময় বাবুল তিনজন ছাত্রদল নেতাকে প্রশ্ন করেন, “ডাকসু’র পূর্ণরূপ কী?”—কিন্তু কেউই উত্তর দিতে পারেননি। এতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বসো, বসো… বাহ! আমরা কি এভাবে ছাত্রসমাজকে নেতৃত্ব দেব? এ কারণেই ডাকসু, জাকসু, রাকসু, চাকসু—সব জায়গায় আমরা পরাজিত হই।”
পরে উপস্থিতদের মধ্যে তার মন্তব্য নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়, আর মুহূর্তেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বক্তৃতার একপর্যায়ে তিনি বলেন, “আমাদের সংগঠনে কর্মীর অভাব নয়, অভাব যোগ্যতার। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক না রাখলে কোনো সংগঠন টিকতে পারে না। বর্তমানে ছাত্রদলের উপস্থিতি শিক্ষাঙ্গনে খুবই দুর্বল।”
বিএনপি ক্ষমতায় ফিরলেও জনগণের আস্থা অর্জন না করলে তা স্থায়ী হবে না বলে মন্তব্য করেন বাবুল। তিনি বলেন, “আল্লাহ চাইলে আগামী ফেব্রুয়ারিতে বিএনপি আবার ক্ষমতায় আসবে। কিন্তু আমরা যদি মানুষের হৃদয় জয় করতে না পারি, তাহলে টিকে থাকা কঠিন হবে। আমাদের ভোট শুধু ১৪ শতাংশ নয়, আরও অনেক বেশি কমেছে, কারণ আমরা মানুষকে পাশে রাখতে পারিনি।”
দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর উদাহরণ টেনে তিনি বলেন, “ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা পড়ছে। তারা বিএনপিকে ভোট দেয় না, কারণ আমরা তাদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছি। অথচ এই ছাত্ররাই গোটা জাতির চিন্তাকে প্রভাবিত করে।”
সভায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুলসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন