

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এস. এম. ইব্রাহিম শেখ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরও তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা–সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শেখ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, সকালে শিক্ষক ইব্রাহিম দুই শিক্ষার্থীকে নিয়ে মোটরসাইকেলে উপজেলা সদরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে ফুকরা ঈদগাহ এলাকায় পৌঁছালে গ্রামের দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চার আরোহীই আহত হন।
পরে সালথা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম শেখকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী বাসার খালাসী (৩৫) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত দুই শিক্ষার্থী হাসিবুল ও শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিক্ষক ইব্রাহিমের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।
শিক্ষক ইব্রাহিমের অকাল মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।
মন্তব্য করুন