

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধদের মধ্যে খায়ের উদ্দিন, আব্দুল মতিন, জোনায়েত মিয়া, কালু মিয়া, খলিলুর রহমান ও আল-আমিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কবির হোসেন ও ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলামের অনুসারীদের মধ্যে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
সাম্প্রতিক সময়ে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়, যার জেরে শনিবার সকালে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তার খোঁজে ছুটোছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “এলাকায় বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি একটি হত্যা মামলার আসামিরা জামিন না নিয়েই এলাকায় প্রবেশ করতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয় এবং সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।
মন্তব্য করুন
