শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে প্রাণ হারালেন ২ ভাই, গ্রেপ্তার ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ এএম
নাচোলে বিএনপির সংঘর্ষে প্রাণ হারালেন ২ ভাই
expand
নাচোলে বিএনপির সংঘর্ষে প্রাণ হারালেন ২ ভাই

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে প্রাণ হারিয়েছেন দুই ভাই। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে পাঁচজনকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঘাঁসুরা এলাকার টুটুল আলীর ছেলে সুমন আলী (৩২), মারকইল গ্রামের হুমায়ুন কবীরের ছেলে রাকিব আলী (২৫), মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম (৬০), শরীফুলের ছেলে তারেক মনোয়ার এবং ফুলবাড়ী গ্রামের মামুনুর রশীদের ছেলে ইউসুফ আলী।

ওসি বলেন, সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার পর থেকেই পুলিশ গোয়েন্দা তৎপরতা বাড়ায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে পাঁচজনকে আটক করা সম্ভব হয়। তাদের মধ্যে চারজন মূল এজাহারভুক্ত আসামি।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) নাচোল উপজেলার মারকইল এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের অনুসারী দলীয় নেতাকর্মীদের সঙ্গে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হন।

পরে বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মিলন আলী মারা যান। রাতে মারা যান তাঁর ভাই আলম আলীও।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ও হত্যার ঘটনায় নাচোল থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে-যার মধ্যে হত্যা ও লুটপাটের অভিযোগও রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন