শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের নামে মাস্টারপ্ল্যান করছে অশুভ শক্তি : চট্টগ্রামে আবুল হাশেম বক্কর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, “নভেম্বরে গণভোটের কথা বলে একটি অশুভ শক্তি মাস্টারপ্ল্যান করছে। তারা বিভ্রান্তিমূলক শর্ত দিয়ে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে তারা মৌলিক নীতির বাইরে গিয়ে কাজ করছে।”

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নগরীর চকবাজার ধনিরপুল এলাকায় পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হাশেম বক্কর আরও বলেন, “তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচারের বাহিনী গড়ে তুলেছে। জনগণকে বিভ্রান্ত করতে ‘পিআর’, ‘গণভোট’, ‘সংস্কার’ ইত্যাদি শব্দ ব্যবহার করে মিথ্যা বিতর্ক তৈরি করছে। অথচ সাধারণ মানুষ এসব বিষয়ে স্পষ্ট ধারণা রাখে না। বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের একটি বাস্তবভিত্তিক রূপরেখা, যেখানে প্রতিটি বিষয়ের স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া আছে।”

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কর্মসূচি চলছে। “জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে এই ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে,” — বলেন তিনি।

এদিন তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চকবাজার ধনিরপুল ফালাহ গাজী জামে মসজিদের সামনে থেকে শুরু করে চকবাজার কাঁচাবাজার, তেলিপট্টি মোড়, আলী খাঁ মসজিদ মোড় ও গুলজার মোড় এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ নাসির উদ্দিন এবং পরিচালনা করেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আমিন মাহমুদ চৌধুরী, ইব্রাহিম বাচ্চু, রেজিয়া বেগম মুন্নি, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মোহাম্মদ মনসুর, অঙ্গসংগঠনের নেত্রী কামরুন নেছা, নাসিমা আক্তার, দুলাল সওদাগর, শামিম আহমদ, জিয়াউল হক মিন্টু, জাহেদুল হক, মো. সেলিম, মো. সোহেল, জাকির হোসেন, সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, মো. মিজান, মো. আলমগীর, মো. বাপ্পি, মো. শরীফ, ওমর ফারুক রানা, মো. মোস্তফা আলম, মো. মিনু, মো. হীরা, জহির উদ্দিন, রিয়াজ উদ্দিন ও মো. শাহাবুদ্দিন প্রমুখ।

আবুল হাশেম বক্কর তার বক্তব্যে জোর দিয়ে বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিএনপি দেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন