শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পিএম
এইচএসসিতে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
expand
এইচএসসিতে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছে নুসরাত জাহান নাজনীন (১৮) নামে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বরিশাল নগরীর বাংলা বাজার এলাকার ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নুসরাত বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামের মৃত বশির মৃধার মেঝ মেয়ে। তিনি বরিশালের বাংলা বাজার এলাকায় বড় বোন রাহাত আনোয়ারের (একজন নার্স) সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিষ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১২টার দিকে নুসরাতকে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত ঘোষণা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।

বরিশাল সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুসরাত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তিনি গণিতের এমসিকিউ অংশে অকৃতকার্য হন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে নুসরাত আত্মহত্যার পথ বেছে নেন।

সহপাঠীরা জানান, নুসরাত ছিলেন মেধাবী ও পরিশ্রমী ছাত্রী। তার এমন মৃত্যু তারা কেউই মেনে নিতে পারছেন না।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নুসরাত আসলে ভালো ফল করেছে, কেবল একটি বিষয়ে (গণিতের এমসিকিউ অংশে) অকৃতকার্য হয়েছিল। রেজাল্ট পুনঃনিরীক্ষণের সুযোগ ছিল। এমন সিদ্ধান্ত নেওয়া সত্যিই হৃদয়বিদারক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন