

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বদলির কারণে পাবনা ছাড়ার আগে সরকারি নিয়ম অমান্য করে গণপূর্ত অধিদপ্তরের একটি সরকারি কোয়ার্টারের দরজা-জানালা ও আসবাবপত্র খুলে নেওয়ার অভিযোগ উঠেছে ওই দপ্তরের উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাসের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা শহরের সরকারি গণপূর্ত কোয়ার্টার এলাকায় অবস্থিত ভবনটি কিছুদিন আগেও ছিল সচল। কিন্তু এখন দরজা-জানালা খুলে নেওয়ায় ফলে ভবনটি এখন পরিণত হয়েছে প্রায় পরিত্যক্ত এক স্থাপনায়। ভেতরে নেই কোনো আসবাবপত্র, জানালায় কাঠের ফ্রেম পর্যন্ত নেই।
এলাকাবাসীরা জানান, বদলির আগে ইব্রাহিম বিশ্বাস নিজেই এসব খুলে নিয়ে যান। কোয়ার্টারের এসব সামগ্রী সরিয়ে নেওয়ার ঘটনায় জেলাজুড়ে চলছে সমালোচনার ঝড়।
ছয় মাস আগে উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাসকে পাবনা থেকে বদলি করা হয় রাঙামাটিতে। তবে বদলির পরও তিনি সরকারি কোয়ার্টারের সরঞ্জামাদি অপসারণ করে নিয়ে যান।
স্থানীয়রা বলেন, বিষয়টি প্রশাসনের তদন্ত করে দেখা উচিত। সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। একজন প্রকৌশলী যদি নিজেই এমন কাজ করেন, তাহলে সাধারণ মানুষ কী শিখবে?
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস বলেন, দরজা-জানালা খুলে নেওয়ার বিষয়টি সত্য, তবে সেগুলো সংরক্ষণের জন্য নেওয়া হয়েছিল। খুব দ্রুত সময়ের মধ্যে পুনরায় স্থাপন করা হবে।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে নির্বাহী প্রকৌশলী রাশেদুল কবির বলেন, সরকারি কোয়ার্টারের দরজা-জানালা দ্রুত সময়ের মধ্যে পুনরায় মেরামত করা হবে।
মন্তব্য করুন
