শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম
ফরিদপুরকে দ্রুত বিভাগ ঘোষণার দাবিতে গণসমাবেশ
expand
ফরিদপুরকে দ্রুত বিভাগ ঘোষণার দাবিতে গণসমাবেশ

ফরিদপুরকে দ্রুত বিভাগ ঘোষণা করার দাবিতে বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাব চত্বর জনসমুদ্রে পরিণত হয়।

ফরিদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত গণসমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষার্থীসহ হাজারো মানুষ অংশ নেন।

সকাল ১০টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে মানুষ প্রেসক্লাব চত্বরে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে সমাবেশ শুরু হয়।

এতে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, জেলা জামায়াতের নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, এনসিপি জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, ফরিদপুরকে বিভাগ করার দাবি কোনো নতুন বিষয় নয়। এই অঞ্চলের মানুষ প্রশাসনিক বঞ্চনার শিকার হয়ে আসছে বহুদিন ধরে। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার দ্রুত ফরিদপুরকে বিভাগ ঘোষণা না করলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সমাবেশ শেষে প্রেসক্লাব চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক, জনতা ব্যাংক মোড় ও হাসিবুল হাসান লাবলু সড়ক প্রদক্ষিণ করে আলীপুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

১৯৮৫ সালে ফরিদপুর বিভাগ ও পদ্মাসেতু বাস্তবায়ন কমিটির মাধ্যমে প্রথম ফরিদপুরকে বিভাগ করার দাবি তোলা হয়েছিল। এবার সেই আন্দোলনের পুরোনো নেতারাও উপস্থিত থেকে সংহতি জানান।

‘ফরিদপুর উন্নয়ন কমিটি’র তরুণ সংগঠক আবরার নাদিম ইতু বলেন, “বছরের পর বছর ধরে এই দাবি ঝুলে আছে। এবার যেন আর কোনো টালবাহানা না হয়।”

এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর বিভাগে থাকবে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা।

চলতি মাসেই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

সমাবেশে অংশ নেওয়া একাধিক বক্তা বলেন, “আমরা উন্নয়ন চাই, বঞ্চনা নয়। এবার ফরিদপুর বিভাগ হবেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন