শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ক্লাস বর্জন, আমতলীর এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চলেছে ক্লাস

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম
শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের কর্মসূচি
expand
শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের কর্মসূচি

সারা দেশে শিক্ষক, কর্মচারীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে যখন প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে, তখন ব্যতিক্রম ঘটেছে বরগুনার আমতলীতে। উপজেলার ঐতিহ্যবাহী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবারও নিয়মিত পাঠদান চলেছে, এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ধারণ করা ওই ভিডিও ফুটেজে দেখা যায়, প্রতিষ্ঠানের শিক্ষক মো. সজিব মিয়া শ্রেণিকক্ষে পাঠদান করছেন এবং শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে ক্লাসে অংশ নিচ্ছে।

দেশজুড়ে যেখানে শিক্ষকরা ক্লাস বর্জন করে আন্দোলনে অংশ নিচ্ছেন, সেখানে এই বিদ্যালয়ে পাঠদান অব্যাহত থাকায় স্থানীয় শিক্ষক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা,সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে আমতলী উপজেলা শিক্ষক,কর্মচারী ঐক্যজটের সদস্য সচিব রেজাউল করিম বলেন, ঘটনাটি জেনে আমি অত্যন্ত লজ্জিত। বিষয়টি জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অষ্টম শ্রেণির কোচিং ক্লাস নিচ্ছিলেন। আমি বলেছিলাম, দু’একদিন ক্লাস না নিলেও তেমন কোনো ক্ষতি হতো না। কিন্তু তিনি কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেননি।

অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম কবির ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, অষ্টম শ্রেণির অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছিল। আমরা শিক্ষক, কর্মচারীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। আমাদের প্রতিষ্ঠান থেকেও ছয়জন শিক্ষক ঢাকায় গেছেন সমাবেশে যোগ দিতে। তবে অতিরিক্ত ক্লাস নেওয়ার কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমতলী উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন আন্দোলনের সময় এ ধরনের কার্যক্রম শিক্ষক ঐক্যের জন্য বিব্রতকর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন