

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে তাসলিমা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকলেও প্রয়োজনীয় সাপোর্টিং সরঞ্জাম না থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ অক্টোবর) রাতের দিকে উপজেলার শেখর ইউনিয়নের চরশেখর গ্রামে। নিহত তাসলিমা বেগম ওই গ্রামের আনসার শেখের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় তাসলিমা বেগম মুরগির খোপে মুরগি ঢুকেছে কিনা দেখতে যান। এ সময় খোপের ভিতরে থাকা একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত হন যে তিনি বিষধর সাপে আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকরা জানান, রোগীকে অ্যান্টিভেনম দেওয়ার আগে অক্সিজেনের প্রয়োজন হতে পারে, কিন্তু হাসপাতালে সেই সুবিধা নেই। এই কথা শুনে তাসলিমার স্বজনরা দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, “সন্ধ্যার পর সাপে কামড়ানো এক নারীকে হাসপাতালে আনা হয়। আমি নিজে উপস্থিত থেকে পরীক্ষা-নিরীক্ষা করি এবং বুঝতে পারি এটি বিষধর সাপের কামড়।
অ্যান্টিভেনম দেওয়ার আগে স্বজনদের জানানো হয়েছিল, প্রয়োজনে অক্সিজেন লাগতে পারে -যা আমাদের হাসপাতালে নেই। আমরা ভ্যাকসিন দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু তারা তা না নিয়েই রোগীকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যায়। পরে জানতে পারি তিনি পথে মারা গেছেন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা পর্যায়ে সাপে কামড়ের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম থাকলেও প্রয়োজনীয় সাপোর্টিং সরঞ্জাম না থাকায় এমন মৃত্যুর ঘটনা ঘটছে।
মন্তব্য করুন