

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে হারানো ১০৮টি মোবাইল ফোন ও বিকাশ-নগদের মাধ্যমে প্রতারণার শিকার ২০ জন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া মোট ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে সাতক্ষীরা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সাইবার জগতে সংঘটিত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত তিন মাসে হারানো মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সাইবার টিমের চৌকস সদস্যরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতারক চক্রকে শনাক্ত করে মোবাইল ও টাকা উদ্ধার করেছে এবং তা ভুক্তভোগীদের হাতে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।
পুলিশ সুপার জানান, উক্ত সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ২১টি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো একাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। পাশাপাশি অনলাইন হয়রানির শিকার ৮ জন নারীকে পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন