

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বগুড়ার শাজাহানপুরে শারদীয় দুর্গাপূজার সময় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে আনসার সদস্য রঞ্জু মিয়ার মৃত্যু হয়েছে।
রোববার মধ্যরাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় মদপানে অসুস্থ পাঁচজনের সবাই মারা গেছেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, মৃতরা হলেন, খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের কৃষক মিজানুর রহমান মণ্ডল লিটন (৫০), খোট্টাপাড়া সোনারপাড়া গ্রামের সিএনজি অটোরিকশাচালক নাছিদুল ইসলাম (২৭), পূর্বপাড়ার ট্রাকচালক আবদুল মানিক আকন্দ (৩০), একই গ্রামের সিএনসি অটোরিকশাচালক আবদুল্লাহ আল কাফী (৩০) এবং মন্টু মিয়ার ছেলে আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূজার দশমীর দিন ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে পাঁচজন একসঙ্গে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালার পাশের বেলতলা এলাকায় মদপান করেন। এর পর ৩ অক্টোবর থেকে তারা বমি ও পেটের ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের অনুরোধে সবাইকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ৭ অক্টোবর রাতে লিটন মারা যান। এরপর ৯ অক্টোবর রাত ১০টায় নাছিদুল ইসলাম, ১০ অক্টোবর দুপুর ১২টায় আবদুল মানিক আকন্দ এবং বিকেল ৫টায় আবদুল্লাহ আল কাফী মারা যান। অবশেষে আনসার সদস্য রঞ্জু মিয়া ১৩ অক্টোবর রাত ১টায় আইসিইউতে মারা যান।
চিকিৎসকরা জানিয়েছেন, বিষাক্ত মদপানে মৃতদের কিডনি অকেজো হয়ে যায়।
ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, পাঁচজনের মৃত্যুতে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবার মামলা করলে তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
