

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার জগন্নাথদিঘী গুচ্ছগ্রাম এলাকার মৃত আলী আশরাফের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
বুধবার (১ জুলাই) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে রোকেয়া বেগম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে রাত ৯টার দিকে জগন্নাথদিঘি বিজিবি ক্যাম্পের সদস্যদের অনুমতি নিয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা সীমান্তবর্তী এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ১৪১৩ নম্বর পিলারের পাশে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি জগন্নাথদিঘী বিজিবি ক্যাম্পকে জানানো হয়। পরে বিজিবির মাধ্যমে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তফাজ্জল হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, রোকেয়া বেগম জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তি করতেন। তাঁর এক ছেলে থাকলেও তিনি মায়ের নিয়মিত দেখাশোনা করতেন না। সীমান্তবর্তী বাগান এলাকায় খোঁজ করতে গিয়ে স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পান।
বিজিবি জগন্নাথদিঘী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোর্শেদ বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন ভারত সীমান্তের ১৪১৩ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা থানা-পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আজ বুধবার মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।