

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর সুবর্ণচরে ড্রাম ট্রাকের ধাক্কায় হাফেজ মুফতি মাকছুদ আলম নামে মডেল মসজিদের এক খতিব নিহত হয়েছেন।
বুধবার ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে তিনি শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলা মডেল মসজিদে ফজরের নামাজ পরিচালনার উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় মুক্তার ডুবাইওয়ালার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করছে পুলিশ।