শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ এএম
সোহাগ হাওলাদার-ফাইল ছবি
expand
সোহাগ হাওলাদার-ফাইল ছবি

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহাগ হাওলাদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে পটুয়াখালীর শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ হাওলাদার(৩৫) আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম চিলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ হাওলাদার এবং মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিলেন। পথিমধ্যে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় টিউবওয়েল মালামাল বোঝাই একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহত সাইদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত সোহাগ হাওলাদারের এক ছেলে ও এক কন্যাসন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয়রা জানান, পটুয়াখালী—কুয়াকাটা মহাসড়কে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। তারা দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে থানা স্থাপন, মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এবং দ্রুতগামী যানবাহনের গতি নিয়ন্ত্রণসহ সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের এলাকার সোহাগ হাওলাদার নিহত হয়েছেন। মোটরসাইকেল চালক সাইদুলকে মুমূর্ষু অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন