

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে তার আইফোনসহ দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ সরকারি নথি চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে আদালত চলাকালীন সময় এই চুরির ঘটনা ঘটে।
বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে- বিচারক আদালত পরিচালনার সময় নিয়মিতভাবে নিজের মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় (চেম্বারে) রেখে দেন। রোববারও সেই নিয়মেই তিনি ব্যাগ রেখে আদালতে যান। কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি নথি চুরি হয়ে গেছে।
চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন- ১৪, অপরটি ভিভো-১২ মডেলের। আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, আদালত চলাকালীন সময়ে বিচারক নিয়মিতভাবে মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রেখে দেন। রোববারও একইভাবে রেখেছিলেন। ওই সুযোগে অজ্ঞাত ব্যক্তি দরজা খুলে চেম্বার থেকে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি আদালতের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুখ হোসেন জানান, চুরির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। চুরি হওয়া মোবাইল ও নথিপত্র উদ্ধারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।
এদিকে এই ঘটনার পর আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিচারকের ব্যক্তিগত চেম্বার থেকেই চুরি হওয়ায় আদালত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট কর্মচারী।
মন্তব্য করুন