শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ৪১ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য নায়েক আকতার হোসেন (আইডি নং ৬২১২৬), তিনি ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন।

জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় আকস্মিকভাবে মাইন বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পায়েও মারাত্মক জখম হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজারের রামু সেনানিবাস হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রেজু আমতলী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল চলছিল। কীভাবে বা কোথা থেকে মাইনটি সেখানে এসেছে, তা তদন্তাধীন রয়েছে। সীমান্তে এই বিস্ফোরণের ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।

আহত বিজিবি সদস্য নায়েক আকতার হোসেনের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বলে জানা গেছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিস্তারিত পরে জানানো হবে।”

উল্লেখ্য, সম্প্রতি মিয়ানমার সীমান্তবর্তী তুমব্রু ও ঘুমধুম এলাকায় বারবার গুলিবিনিময় ও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা সীমান্ত অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন