

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ সদর উপজেলার ১১টি ইউনিয়নের ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন আগাম শাকসবজির ইনব্রিড ও হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এ বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জুবায়রা বেগম সাথী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রেজাসহ প্রমূখ।
কৃষি অফিসা সূত্রে জানা গেছে, ‘২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজি (ইনব্রিড ও হাইব্রিড) ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি।’
প্রধান অতিথি কৃষিবিদ জুবায়রা বেগম সাথী বলেন, “বর্তমান কৃষিবান্ধব সরকার সব সময় কৃষকের পাশে আছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার মাধ্যমে উৎপাদন বাড়িয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই সহায়তা কৃষকদের আগাম শীতকালীন সবজি চাষে উৎসাহিত করবে। এতে একদিকে উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে বাজারে শাকসবজির সরবরাহও বাড়বে।”
বীজ গ্রহণকারী কৃষকেরা বলেন, সরকারি এই সহায়তায় তাঁরা আগাম সবজি চাষে নতুনভাবে আগ্রহী হয়েছেন। এতে পরিবারে পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত আয়ও করা সম্ভব হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে মাঠ পর্যায়ে সবজির আবাদ বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে প্যাকেটজাত বীজ তুলে দেন।
মন্তব্য করুন