সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলব্যাগসহ শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
সিংগাইর উপজেলা
expand
সিংগাইর উপজেলা

মানিকগঞ্জের সিংগাইরে কবরস্থান-সংলগ্ন একটি ঝোপ থেকে মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে শায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী আলিফ ও মারিয়ার আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ার পর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে পাঠিয়ে মুচলেকা গ্রহণ করে। পরে উভয় শিক্ষার্থীকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) প্রদান করা হয়।

এরপর মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।

রোববার বিকেলে চন্দননগর এলাকার একটি ঝোপে খণ্ড-বিখণ্ড অর্ধগলিত মরদেহ এবং একটি স্কুলব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করে। তবে মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ছয় দিন আগে নিখোঁজ হওয়া ছাত্রী মারিয়ার।

পুলিশের দাবি, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মরদেহটি চার থেকে পাঁচ দিন আগেই হত্যা করা হয়েছে। নিখোঁজ ছাত্রীর বাবা-মায়ের সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের ডিএনএ পরীক্ষা করে চূড়ান্তভাবে পরিচয় নিশ্চিত করা হবে।

স্থানীয়দের ধারণা, অন্য কোনো স্থানে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি কবরস্থান-সংলগ্ন ঝোপে ফেলে রেখে গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “এ ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আলিফকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup