

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ১৬ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।
পরে বিষয়টি সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্প ও সাতক্ষীরার তলুইগাছা বিজিবি ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
জিডি সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় ওই ১৬ বাংলাদেশিকে বিএসএফ সদস্যরা আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে।
হস্তান্তর কার্যক্রমে ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তলুইগাছা বিজিবি ক্যাম্পের সদস্যরা।
আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করে দেখা গেছে, তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।
তাদের মধ্যে রয়েছেন— মোঃ মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মোঃ জিল্লুর রহমান (২৩), মোছাঃ ঝরনা পারভিন (৩৭), মোঃ আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মোঃ শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মোঃ ফারজান নাবিল (৩), মোছাঃ রুবিনা খাতুন (২৯) ও আল আমিন (২৬)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, হস্তান্তরের পর আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মন্তব্য করুন