শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে স্থাপনা পরিদর্শনে উপদেষ্টা ফারুক ই আজম

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বরগুনার আমতলীতে আজ শনিবার (১১ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ, পুনর্বাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম (বীর প্রতীক) সরকারি বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি আমতলীর ঐতিহ্যবাহী চুনাখালী স্কুল অ্যান্ড কলেজে ও পশ্চিম চিলা হাসেম বিশ্বাস সাইক্লোন শেল্টার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একান্ত সচিব (যুগ্ম সচিব) লে. কর্নেল মোঃ আব্দুল গাফফার (অবঃ), বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খানসহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

পরিদর্শন শেষে উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেন, “উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণ এখন সময়ের দাবি। সরকারের লক্ষ্য হচ্ছে দুর্যোগের সময় প্রত্যন্ত এলাকার জনগণকে নিরাপদ আশ্রয় প্রদান।”

তিনি স্থানীয় প্রশাসনকে দ্রুত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন প্রস্তুত করে মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেন।

পরে উপদেষ্টা ফারুক ই আজম আমতলীর আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন