বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাকলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম
অভিযুক্ত মনির
expand
অভিযুক্ত মনির

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মনির হোসেন (৩০)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি গুদামকক্ষে চার বছরের এক শিশুকে ধর্ষণ করেন অভিযুক্ত মনির হোসেন।

ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করলে উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্তকে নিজেদের জিম্মায় নিয়ে গণপিটুনি দেওয়ার দাবি জানায়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে প্রায় ৩০ জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে রাত সোয়া ১০টার দিকে পুলিশ কৌশলে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়।

ঘটনার পরদিন ২২ মে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

একই দিন বিকেলে আদালতে হাজির করা হলে অভিযুক্ত মনির হোসেন নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাশাপাশি ভুক্তভোগী শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়।

পরে মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে ডিএনএ প্রতিবেদনসহ তদন্ত সম্পন্ন করে ৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দ্রুত বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের দাবি, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, ডিএনএ প্রতিবেদন এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup