

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। যশোরসহ দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হচ্ছে আগামী রোববার। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় স্থাপিত এসব আইসিইউর উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
নতুন আইসিইউ সুবিধা চালু হওয়া হাসপাতালগুলো হলো যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি আইসিইউতে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। পাশাপাশি এসব ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের বাকি নয়টি হাসপাতাল ভার্চুয়ালি যুক্ত থাকবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জেলা পর্যায়ে আইসিইউ সুবিধা চালু হওয়ায় শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের উন্নত ‘ক্রিটিক্যাল কেয়ার’ সেবার জন্য আর রাজধানী বা বড় শহরে ছুটতে হবে না। স্থানীয় পর্যায়েই জরুরি ও নিবিড় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রোগীরা এ সুবিধা থেকে সরাসরি উপকৃত হবেন।
স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের মতে, জেলা হাসপাতালগুলোতে আইসিইউ চালু হওয়া দেশের স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করবে।