

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। প্রায় আট মাস আগে রোগটি ধরা পড়ে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং নির্বাচনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন।
অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রামে এবং পরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দলীয় সূত্র জানায়, মাওলানা মিজানুর রহমান ২০২৪ সালের জানুয়ারিতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হন। এর আগে ২০২৩ সালে তিনি ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ছয় বছর উপজেলা সেক্রেটারি এবং দীর্ঘ ২৮ বছর বাইতুলমাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার ইন্তেকালে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার ও সেক্রেটারি মু. তাহের বলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান সংগঠক, নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী এবং সমাজহিতৈষী ব্যক্তি। তার মৃত্যুতে সংগঠন একজন অভিজ্ঞ ও অভিভাবকতুল্য নেতাকে হারিয়েছে।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মাওলানা মিজানুর রহমানের নামাজে জানাজা শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টায় সীতাকুণ্ড কামিল (আলীয়া) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।