

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের (জিওপি) সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ মাহিদ দলটির প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) তিনি দলের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই লিখিত অব্যাহতিপত্র প্রদান করেন।
একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়ে তার এই সিদ্ধান্তের কথা রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য প্রকাশ করেছেন।
অব্যাহতিপত্রে জুবায়ের আহমদ মাহিদ উল্লেখ করেন, তিনি দীর্ঘ ৬ বছর ধরে দলের আদর্শ ও নীতি মেনে সাধ্যমতো একজন কর্মী হিসেবে কাজ করার চেষ্টা করেছেন। বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি দলের সাংগঠনিক সম্পাদক পদ এবং দলের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন। দলে থাকাকালীন সময়ে তার কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
দল থেকে পদত্যাগের বিষয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে মাহিদ লেখেন, ‘জীবনের প্রতিটা অধ্যায়েরই শুরু আছে, শেষও আছে। একটি সুন্দর অধ্যায়ের সমাপ্তি টানতে হচ্ছে আজ।’
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ৬ বছরের এই পথচলায় দলের নেতাকর্মীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা, শিক্ষা ও অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং এই দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া তার জন্য একেবারেই সহজ ছিল না।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি পোস্টে স্পষ্ট করে জানান, পদ-পদবি পরিবর্তনশীল হলেও মানুষের জন্য কাজ করার মানসিকতা ফুরিয়ে যায় না। রাজনীতিতে তিনি মানুষের কল্যাণের জন্যই এসেছিলেন এবং সেই লক্ষ্য থেকে তিনি এক চুলও নড়বেন না। ভবিষ্যতে কোনো রাজনৈতিক পদে না থাকলেও দল-মতের ঊর্ধ্বে উঠে মৌলভীবাজারের মাটি ও মানুষের কল্যাণে এবং সাধারণ জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।