বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ১৯

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:১২ পিএম
কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযানে ১৯ জন আটক
expand
কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযানে ১৯ জন আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও টহল গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বুধবার (১০ জুন) বিকেল ৩টার দিকে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের অভিযানে বাধা দেয়। একপর্যায়ে তারা টহল দলের ওপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

হামলায় টহল গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, হামলার ঘটনার পরপরই জড়িতদের শনাক্তে অভিযান শুরু করা হয়। মঙ্গলবার বেলা ১১টা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলার ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, সরকারি দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন