শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গন্ধে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কক্সবাজার শহরের প্রবেশমুখ লিংক রোড এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে দুর্গন্ধের কারণে সন্দেহ হয়। এরপর তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট ও কালো প্যান্ট। চেহারা বিকৃত হয়ে গেছে এবং লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।

লিংক রোড এলাকার ব্যবসায়ী শাহী কামরান বলেন, “সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখি রেললাইনের পাশের মাঠে লাশ পড়ে আছে। এই এলাকায় দিনরাত মানুষ চলাচল করে, যানবাহনের ভিড়ও লেগে থাকে। এমন স্থানে কারও মৃত্যু হলে চোখ এড়িয়ে যাওয়া অসম্ভব। হয়তো অন্য কোথাও হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে কেউ।”

স্থানীয়দের ধারণা, এটি কোনো হত্যাকাণ্ডের অংশ হতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের প্যান্টের পকেট থেকে কিছু পলিথিন ও কাগজের টুকরা উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন