রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দীনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিমান বিল্ডিং এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় প্রকাশ্যে আসেন হেলাল উদ্দীন। বিষয়টি জানতে পেরে স্থানীয় কয়েকজন তাকে শনাক্ত করেন। পরে স্থানীয় জনতা তাকে আটকে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে হেফাজতে নেয়।

আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দিকী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মৌলানা হেলাল উদ্দীন উপজেলার ৪ নম্বর চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি। তিনি চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালোয়ারপাড়া এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের ছেলে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মৌলানা হেলাল উদ্দীন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন