শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসা না ছাড়লে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে: এমপি জাহিদুর রহমান 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান বলেছেন, “মাদক ব্যবসায়ীরা যদি মাদক ব্যবসা না ছাড়ে, তাহলে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন করা হয়েছিল। দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেলে মাদক ব্যবসায়ীদের দেশ থেকেই তাড়িয়ে দেবে।”

বৃহস্পতিবার (৪ জুন) রাতে পীরগঞ্জ উপজেলার ফুটানী টাউন বাজারে আয়োজিত এক জনসচেতনতামূলক সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে।

মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়ে এমপি জাহিদুর রহমান বলেন, “এখনো সুযোগ আছে, মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সমাজের অন্য দশজন মানুষের মতো সম্মানের সঙ্গে জীবনযাপন করুন। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে সমাজ ও দেশের ক্ষতি করবেন না।”

অনলাইন জুয়া ও সাইবার অপরাধের ভয়াবহতা উল্লেখ করে তিনি আরও বলেন, “এসব অপরাধ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অপরাধ প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।” একই সঙ্গে তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।

সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, অনলাইন জুয়া এবং সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

৬ নম্বর পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস) আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আবদুল হাই সরকার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন প্রামাণিক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ-সভাপতি সমির উদ্দিন, শিক্ষক ওমর ফারুক, হাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাহবুব আলম, কাজী ওবায়দুর রহমান এবং গণঅধিকার পরিষদের নেতা রফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন