শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০২:১৯ পিএম
যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা
expand
যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ফলে চরম দুর্ভোগে পড়েছে বাসে আটকে থাকা ঢাকামুখী লেনের যাত্রীরা।

শুক্রবার (৫ জুন) ভোররাতে যমুনা সেতুর ওপর একাধিক যানবাহনের দূর্ঘটনা ও কিছু ত্রুটিপূর্ণ গাড়ি বিকল হয়ে পড়ার পাশাপাশি ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে তৈরি পোশাক কারখানার (গার্মেন্টস) শ্রমিক ও সাধারণ মানুষ একযোগে কর্মস্থলে ফিরছেন, যার ফলে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে।

এছাড়া ভোররাতে যমুনা সেতুর ওপর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে একটি বাস, প্রাইভেটকার ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো বিকল হয়ে পুরো লেনটি অবরুদ্ধ (ব্লক) হয়ে পড়ে।

একই সময়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে গার্মেন্টসকর্মীদের বহনকারী দূরপাল্লার একাধিক ত্রুটিপূর্ণ ও লক্কড়-ঝক্কড় বাস বিকল হয়ে পড়ে। ফলে উভয় লেনেই গাড়ির চাকা থমকে গিয়ে যানজটের সূত্রপাত হয়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজট দেখা দিয়েছে।তবে যানজট নিরসনের জন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু ব্যবহার করেছে ৪৩ হাজার ৯০৯টি যানবাহন। একই সময়ে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৫৫০ টাকা, যা ঈদ-পরবর্তী সময়ের মধ্যে সর্বোচ্চ।

যমুনা সেতুতে টোল উত্তোলনের জন্য মোট নয়টি বুথ চালু রয়েছে। যমুনা সেতুতে কয়েকটি যানবাহন বিকল ও অতিরিক্ত গাড়ির চাপে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।‌সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন