বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশের খুঁটিতে বিদ্যুৎ লাইন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৭:০৮ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু
expand
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ফসলের মাঠের ওপর দিয়ে বিদুৎ লাইন নেয়া পড়ে থাকা বাঁশের খুঁটিতে বিদ্যুৎতায়িত হয়ে পাঁচটি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেঙ্গুলা গ্রামে ৩ জুন বুধবার সকালে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতায় আরও কয়েকটি গরু প্রাণে রক্ষা পায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কস্তুরীপাড়া-ভেঙ্গুলা গ্রামের চকে (ফসলের মাঠ) বিদ্যুৎ লাইনের একটি কাঠের খুঁটি ভেঙে যাওয়ায় একটি বাঁশের খুঁটিও মাটিতে পড়ে ছিল।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ এবং অরক্ষিত অবস্থায় পড়ে থাকলেও তা অপসারণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বুধবার সকালে মাঠে গরু চড়াতে যাওয়া ভেঙ্গুলা গ্রামের কৃষক লিয়াকত, রমজান ও সলিমের মালিকানাধীন গরুগুলো ওই বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা সেন্টু ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত সকলকে সতর্ক করেন। এতে আরও কয়েকটি গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, নিহত গরুগুলো তাদের পরিবারের আয়ের অন্যতম উৎস ছিল। হঠাৎ এ দুর্ঘটনায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কস্তুরীপাড়া গ্রামের বাসিন্দা সেন্টু বলেন, ‘দীর্ঘদিন এখানে বাঁশ ও কাঠের খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। আমরা বার বার সিমেন্টের খুঁটি স্থাপনের দাবি জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও এসব খুঁটির কারণে মানুষ ও গবাদিপশু নিহতের ঘটনা ঘটেছে। আজ আবার পাঁচটি গরু মারা গেল।

স্থানীয়রা বলেন, ঝুঁকিপূর্ণ এসব বিদ্যুৎ খুঁটিগুলো অপসারণ বা সংস্কারের উদ্যোগ না থাকায় এলাকাবাসী ও গবাদিপশু সব সময় দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে।দ্রুত বাঁশের খুঁটিগুলো অপসারণ ও পাকা খুঁটি স্থাপন করে নিরাপদ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেও নিকট দাবি করেছেন তাঁরা।

এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, ‘বিষয়টি জানা ছিল না, লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে ˆবদ্যুতিক শর্টসার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন