বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাব যশোরে নতুন সদস্যপদের দাবিতে আল্টিমেটাম

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৭:০৫ পিএম
যশোরে নতুন সদস্যপদের দাবিতে আল্টিমেটাম
expand
যশোরে নতুন সদস্যপদের দাবিতে আল্টিমেটাম

যশোরে নতুন সদস্যপদ প্রদানের দাবিতে কঠোর অবস্থান নিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। এ দাবিতে বুধবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এক সভা শেষে সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাব যশোর একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন সদস্যপদ প্রদানের ক্ষেত্রে নানা টালবাহানা করা হচ্ছে। তাদের দাবি, জেলার অনেক যোগ্য ও পেশাদার সাংবাদিক দীর্ঘদিন ধরে মূলধারার গণমাধ্যমে দায়িত্ব পালন করলেও এখনও প্রেসক্লাবের সদস্যপদ থেকে বঞ্চিত রয়েছেন। এমনকি নিয়ম অনুযায়ী আবেদন জমা দেওয়ার পরও অনেক আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি তুলনামূলকভাবে কম অভিজ্ঞতাসম্পন্ন কিছু ব্যক্তিকে সদস্যপদ দেওয়া হয়েছে, যা নিয়ে সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে। নেতৃবৃন্দ বলেন, এ ধরনের বৈষম্য অব্যাহত থাকলে যশোরের সাংবাদিক সমাজে বিভক্তি ও অস্থিরতা সৃষ্টি হতে পারে।

তারা অবিলম্বে যোগ্য সাংবাদিকদের সদস্যপদ প্রদান, দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক ইউনিয়ন যশোরের নিজস্ব কার্যালয় সম্প্রসারণের দাবিও উত্থাপন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদ-এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আহসান কবীর বাবু, এম. আইউব, নূর ইসলাম এবং শহিদ জয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে ইউনিয়নের নেতারা প্রেসক্লাব সভাপতির কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন