বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
গ্রেপ্তারকৃত  মো. শান্ত (২৫)
expand
গ্রেপ্তারকৃত মো. শান্ত (২৫)

সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. শান্ত (২৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

বুধবার (৩ জুন) র‌্যাব-১২, সিরাজগঞ্জের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ এপ্রিল সকাল ১০টায় ভিকটিম শিশুটি প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা মো. শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসতবাড়িতে নিয়ে যায়। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর পিতা গত ৩ মে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই অভিযুক্ত শান্ত পলাতক ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়।

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২-এর দিকনির্দেশনায় বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা এলাকায় সৈয়দ স্প্রিং মিলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পলাতক আসামি মো. শান্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের মো. বেল্লাল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন